বড়াইগ্রামে মোটরসাইকেল ছিনতাই, আহত ৩

বড়াইগ্রাম প্রতিনিধি, নাটোর:
নাটোরের বড়াইগ্রামের রামাগাড়ী সুইস গেট নামক স্থান থেকে গত বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টায় একটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে।
জানা যায়, মোটরসাইকেলআরোহী তিনজনকে বেদম মারপিট ও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। মোটরসাইকেলআরোহী আহত তিনজন হলেন বাগাতিপাড়া উপজেলার মিস্তিরিপাড়া গ্রামের শফিউল্লার পুত্র জুয়েল (২৭), হাগড়াগাড়ী গ্রামের বাসেদের পুত্র সোহাগ (৩৫) ও সোনাপুর গ্রামের আয়নুল হকের পুত্র শফিকুল ইসলাম (৩০)। আহত তিনজনকে রাতেই বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু জুয়েল ও সোহাগের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে রাতে আবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায় যে, আহতরা বনপাড়া থেকে নিজেদের বাড়িতে ফেরার পথে রামাগাড়ী সুইস গেট নামক স্থানে ফাঁকা রাস্তায় পৌঁছলে এক দল দুর্বৃৃত্ত তাদের পথ রোধ করে এবং বেদম মারপিট ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় জনগণ ও পথিকরা তাদের দেখে রাতেই স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

Comments (0)
Add Comment