মক্কায় মসজিদ প্রাঙ্গনে ভেঙ্গে পড়া ক্রেন মক্কায় মসজিদ আল হারামে কিভাবে একটি ক্রেন ভেঙ্গে পড়লো তা নিয়ে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গতকাল এই দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ১০৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকশো মানুষ। আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশিও রয়েছে। মসজিদ আল হারাম বা কাবা শরিফ মুসলমানদের কাছে পবিত্রতম স্থান। গতকাল প্রচন্ড ঝড়ের মধ্যে একটি ক্রেন ভেঙ্গে পড়ে। দুর্ঘটনাটি ঘটে এমন সময় যখন মক্কা শহরে বাৎসরিক হজ্জের প্রস্তুতি চলছে। এই মাসে পবিত্র হজ্জ পালনের জন্য লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সৌদি আরবের এই শহরে আসবেন। মসজিদ আল-হারাম-এ নামাজিদের সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাওয়ায় গত বছর সৌদি কর্তৃপক্ষ মসজিদ সম্প্রসারণের কাজ শুরু করে। শুক্রবারে যে ক্রেন মসজিদের ছাদ ভেঙ্গে পরে সেটা সম্প্রসারণের কাজে ব্যবহার করা হচ্ছিল। ইসলাম ধর্মের সব চেয়ে পবিত্র এই মসজিদের কেন্দ্রস্থলে কা’বা অবস্থিত, যার দিকে মুখ করে মুসলমানরা নামাজ পড়েন।
বাংলাদেশেরপত্র/এডি/আর