মাগুরা প্রতিনিধি:
মাগুরার শালিখার নাঘোষা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উখান বিশ্বাস নামের এব যুবক গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় আহত হওয়া আফজাল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, সম্প্রতি নাঘোষা স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনে জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক এ্যাড. কামাল হোসেন স্থানীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সদর উদ্দিনের কাছে পরাজিত হন। এ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্র“পের মধ্যে কয়েকদিন যাবৎ উত্তেজনা চলছিল। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালায়।
মাগুরা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে ৯জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
মাগুরা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদর্শন কুমার রায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।