বিনোদন ডেস্ক:
ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জীবনী নিয়ে এবার নির্মিত হচ্ছে চলচ্চিত্র। ছবির নামও ‘মাহি’। এমনটাই জানিয়েছেন প্রযোজক-পরিচালক খোরশেদ আলম খসরু। কমল সরকারের চিত্রনাট্যে ছবিতে মাহির বিপরীতে অভিনয় করবেন শাকিব খান, আরশাদ আদনানসহ আরও অনেকে। এ প্রসঙ্গে খোরশেদ আলম খসরু বলেন, ‘মাহি বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকাদের একজন। বাইরের দেশে নায়িকাদের জীবনীভিত্তিক ছবি হলেও আমাদের দেশে জীবনীভিত্তিক ছবি খুব কমই হয়। সে চিন্তা ভাবনা থেকেই মাহিকে নিয়ে ছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছি।’ প্রভাবশালী প্রযোজক হিসেবে পরিচিত হলেও এ পর্যন্ত দুটি ছবি নির্মাণ করেছেন পরিচালক হিসেবে। দীর্ঘদিন পর আবারো ক্যামেরার পেছনে দাঁড়াতে যাচ্ছেন তিনি। ‘মাহি’ ছবি ছাড়াও আরও দুটি ছবি নির্মাণ করবেন তিনি।