মির্জা আব্বাসের জামিন শুনানি এক সপ্তাহ পর

গাড়ি পোড়ানোর দুটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানির জন্য এক সপ্তাহ সময় দিয়েছে আদালত। নিরাপত্তার কারণ দেখিয়ে আদালতে উপস্থিত হতে না পারায় তার আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে আদালত এক সপ্তাহের সময় দেয়। সোমবার সকালে বিচারপতি মো. রুহুল কুদ্দুসের তৃতীয় বেঞ্চ এই আদেশ দেন।

গত ১৫ এপ্রিল হরতাল-অবরোধে গাড়ি পোড়ানোর দুটি মামলায় মির্জা আব্বাসের জামিন প্রশ্নে বিভক্ত রায় দেয় হাইকোর্ট। এর পেক্ষিতে প্রধান বিচারপতি এসকে সিনহা আবেদনটি নিষ্পত্তির জন্য রবিবার হাইকোর্টের তৃতীয় বেঞ্চে বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চে জামিন আবেদনের নথি পাঠিয়ে দেন।

এদিকে বিচারপতি মোঃ মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে দুদকের মামলায় এই বিএনপি নেতার আরেকটি জামিন আবেদন আজ শুনানির জন্য রয়েছে।

Comments (0)
Add Comment