পৌর প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের ৫৬ নং বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদে চাকুরি হয় নি বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল কুদ্দুছের পুত্র মো. মাজাহারুল ইসলামের।
প্রাপ্ত অভিযোগে প্রকাশ, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি গত ৫ এপ্রিল মুক্তিযোদ্ধার সন্তান মো. মাজহারুল ইসলামকে উক্ত পদে চাকুরি দেবার জন্য নান্দাইলের সংসদ সদস্য বরাবর লিখিতভাবে সুপারিশ করেন। অপরদিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নেত্রীর কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি ডিও প্রদান করেন মুক্তিযোদ্ধার সন্তান মো. মাজহারুল ইসলামকে দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগ দান করার জন্য। এত কিছু করার পরেও অজ্ঞাত কারণে সকল যোগ্যতা থাকার পরেও তাকে চাকুরি না দিয়ে বড়াইল গ্রামের জনৈক আব্দুল হেকিমের পুত্র মো. জাহাঙ্গীর আলমকে উক্ত পদে গত ২৫ এপ্রিল নিয়োগ দান করা হয়েছে। বিষয়টির প্রতি মুক্তিযোদ্ধার সন্তান যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
উল্লেখ্য, নান্দাইলে ৭৮টি শূন্য পদে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত কোটা সংরক্ষণ করা হয় নি।