যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে এক নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও একজন গুরুতর আহত হয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সেন্ট্রাল মিসৌরির দক্ষিণাংশে এ হত্যাযজ্ঞে ঘটে। একটি জরুরি টেলিফোন বার্তায় পুলিশ এ সংবাদ জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়। হত্যাযজ্ঞের কারণ এখনও অনাবিষ্কৃত। সেন্ট্রাল মিসৌরির ছোট্ট শহর টাইরোনের পাঁচটি পৃথক বাড়িতে একযোগে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে নিকটবর্তী স্থানে একটি গাড়ির ভেতর এক নাগরিককে গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় আবিষ্কার করে পুলিশ। ঐ ব্যক্তির নাম জোসেফ জেসি অলরিজ (৩৬)। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। খুন হওয়া ব্যক্তিদের মধ্যে চারজনকে একই পরিবারের সদস্য হিসাবে শনাক্ত করেছে পুলিশ। অলরিজকেই হত্যাকারী সন্দেহ করে পুলিশ এখন হত্যার পেছনে সম্ভাব্য কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। স্থানীয়রা জানায়, ঘটনাস্থলের নিকটবর্তী বাড়িগগুলোতে পুলিশ সশরীরে উপস্থিত হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে। প্রথমত ধারণা করা হচ্ছে কোনো পারিবারিক বিসংবাদ এ হত্যাকাণ্ডের পেছনে দায়ী। একই পরিবারভুক্ত চারজন হচ্ছেন গ্যারল্ড অলরিজ, তার স্ত্রী অ্যান অলরিজ, হ্যারল্ড অলরিজ এবং তার স্ত্রী জানেল। ‘হত্যাকারী’ জোসেফসহ এ চারজনও অলরিজ পরিবারের সদস্য। পুলিশ জানায় নিহতেরা সকলেই সম্পর্কে জোসেফের চাচাতো ভাইবোন। ঘটনার তদন্ত চলাকালীন অতিরিক্ত মানসিক চাপে মারা যান জোসেফের মা অ্যালিস।