রংপুরবাসীর বহুল প্রত্যাশিত চার লেন সড়কের উদ্বোধন আজ

রংপুর প্রতিনিধি :  আজ রংপুর শহরের ৪ লেন বিশিষ্ট সড়কের উদ্বোধন করা হচ্ছে। দুপুর ১২ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সড়কের উদ্বোধন করবেন।  রংপুর সড়ক বিভাগের অতিরিক্ত প্রকৌশলী এ কিউ এম একরামুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন নির্মিত চারলেন সড়কের উদ্বোধন করবেন। এ উপলক্ষে নগরীর প্রবেশদ্বার মর্ডাণ মোড়সহ নগরজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে সড়ক ও জনপথ বিভাগ। বহুল প্রতিক্ষীত এ সড়ক উদ্বোধন হলে যানজট নিরসনের পাশাপাশি ভোগান্তি কমবে নগরবাসীর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্মিত এই চার লেন সড়ক রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার প্রবেশ দ্বার। এসব জেলার মানুষের যাতায়াতের পাশাপাশি অর্থনৈতিক গুরুত্বও রয়েছে এই সড়কের।

এছাড়া বাংলাবান্ধা, বিড়ল, বুড়িমারী ও সোনাহাট স্থলবন্দর থেকে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, মংলা সমুদ্র বন্দরে পণ্য পরিবহন সহজ হবে।
আর এই সড়ক ব্যবহার করে সম্প্রতি সই হওয়া আন্তঃদেশীয় বাণিজ্যও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রংপুর নগরীকে যানজট মুক্ত রাখতে ১৬ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন বর্তমান সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

রংপুর বাইপাস অংশে ৮ কিলোমিটার ও নগরীর ভিতরের অংশে ৮ দশমিক ২৪ কিলোমিটার অংশের নির্মাণ কাজ শুরু হয় ২০১০ সালের নভেম্বর মাসে।

এ চার লেন সড়ক নির্মাণ করতে সরকারকে ১ দশমিক ২৮ হেক্টর জমি অধিগ্রহণ করতে হয়েছে। ১২৬ দশমিক ৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারলেন সড়কের জন্য সরকার ভূমি হুকুম দখল করতে ভূমি মালিকদের ৪৫ কোটি ৩৫ লাখ টাকা রংপুরের জেলা প্রশাসকের মাধ্যমে দিয়েছে। এছাড়া বিদ্যুতের ও টেলিফোনের খুঁটি সরানো, মাটির নিচে পানির পাইপ এবং ক্যাবল লাইন সরাতে সরকারের প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ হয়। বাকি প্রায় ৮১ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে সড়ক নির্মাণ ও বিবিধ কাজের খরচে।

সড়ক নির্মাণ কাজে অর্থ যোগান দেয় জাপান ডেড ক্যান্সেলেশন ফান্ড ৪০ কোটি টাকা ও বাংলাদেশ সরকার ৮৬ কোটি টাকা। তিনটি প্যাকেজে এ ফোরলেন সড়ক নির্মাণ করা হয়েছে।

রংপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. আব্দুল্লাহ আল মামুন জানান, ১২৬ দশমিক ৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারলেন সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে।

আশার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৬ দশমিক ২৪ কিলোমিটার ফোরলেন সড়কের কাজ শেষ হওয়ায় রংপুরবাসীকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে অপেক্ষা করতে হবে না। সেই সঙ্গে এ এলাকা আগামীতে আরও উন্নত হবে।

Comments (0)
Add Comment