রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের ডাকা ধর্মঘটের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে রাবি ছাত্রলীগ।
গত কাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ^বিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় টেন্টের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি সরকার ফারহানা আক্তার সুমি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল প্রমুখ। দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বক্তরা বলেন, চলমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ছাত্রদল ও ছাত্রশিবির অবৈধভাবে ধর্মঘটের ডাক দিয়েছে। তারা বাংলাদেশকে পাকিস্তান, সিরিয়া, লিবিয়ার মতো দেশ বানাতে চায়। যদি কেউ বোমাকারীদের ধরিয়ে দেয় তাহলে রাবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে এবং তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে। উল্লেখ্য, রাবিতে শিবিরের ডাকা দুইদিনব্যাপী ও ছাত্রদলের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছিল।