১৪-দল ঘোষিত উত্তরবঙ্গ অভিমুখে পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে সোমবার বিকাল সাড়ে ৫টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজ মাঠে এক জনসমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
উক্ত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, সরকার কোন ধরনের হুমকি ধামকিতে ভীত নয়। দেশে বর্তমানে উন্নয়ন ও গণতন্ত্রের সুবাতাস বইছে। গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংসের জন্য বিএনপি-জামায়াতের মদদে সন্ত্রাসী কর্মকাণ্ড করে পেট্রলবোমা, ককটেল মেরে সাধারণ মানুষকে নির্বিচারে খুন করছে। অতীতের মত পেছনের দরজা দিয়ে বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের দিন শেষ হয়ে গেছে। গণতান্ত্রিক ধারায় বিএনপি গঠিত না হওয়ায় তারা গণতন্ত্রের মর্ম বোঝেন না।
১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তথাকথিত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েমকারীদের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা আন্দোলন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু মুক্তিযুদ্ধকালীন পাক-হানাদার ও তাদের দোসরদের ছাড়া অন্য কোন সময় এভাবে নির্বিচারে গণহত্যা মানুষ কখনও দেখেন নি। তাদের অবরোধ-হরতাল প্রত্যাখ্যান করে মানুষ স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছেন। এতেও তাদের মোহভঙ্গ হয় নি।
সভায় আরো বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা এমপি, জাসদের রেজাউল করিম তানসেন এমপি, জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, আব্দুল মজিদ মণ্ডল এমপি, স্থানীয় এমপি আলহাজ্ব ম ম আমজাদ হোসেন মিলন, সেলিনা বেগম এমপি, গাজী হাবিবুর রহমান এমপি, বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান, জেলা আ’লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, ১৪ দলের জেলা সমন্বয়ক মোস্তফা কামাল খান, আলহাজ্ব আব্দুল হান্নান খান, জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, সিরাজুল হক, সাখাওয়াৎ হোসেন সুইট, শরিফুল আলম, ইমরুল হোসেন তালুকদার ইমন, আবুল কালাম আজাদ হৃদয় প্রমুখ।
১৪ দলের নেতৃবৃন্দ মহাসড়কের অর্ধশতাধিক তোরণ অতিক্রম করে বিকাল সাড়ে ৫টায় চান্দাইকোনায় পৌঁছলে ফুল ছিটিয়ে স্থানীয় নেতাকর্মী ও হাজার হাজার উৎস্যুক জনতা তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।