বুধবার বিকেল ৫ টায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আয়োজনে স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তারা। এসময় ঢাকা-রায়পুর মহাসড়কের সকল যানবাহন চলাচল প্রায় ১ ঘন্টা পর্যন্ত বন্ধ থাকে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহবায়ক সাবির আহমদ, ছাত্রলীগ নেতা আবু তালেব, রায়হান মাহমুদ, রেজাউল করিম রিয়াজ, সাবেক যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
জানা গেছে, চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামের অজিউল্লার ছেলে ইসমাইল মাহমুদ ও তার লোকজন এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছিল। চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ১ম যুগ্ন আহবায়ক বাবলু এসব অপকর্মের প্রতিবাদ করায় গত ১৯ সেপ্টেম্বর সকালে ইসমাইল মুঠোফোনে অকথ্য ভাষায় গালমন্দ করে ছাত্রলীগ নেতা বাবলুকে হত্যা ও লাশ গুমের হুমকি প্রদান করে। এঘটনার পর বাবলু থানায় জিডি করেন, বিষয়টি জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ হয়ে উঠে ছাত্রলীগ নেতা কর্মীরা। তারা ইসমাইলের বিচার দাবি করেন।
এদিকে একই ব্যক্তির বিরুদ্ধে ১৭ সেপ্টেম্বর স্থানীয় সাংবাদিক আবুল কালাম আজাদকে হত্যা ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায়ও ইসমাইলের বিরুদ্ধে থানায় জিডি করেন ওই সাংবাদিক।