ঢালিউডের ব্যস্ততম শিল্পী জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের অফিসিয়াল ফেসবুক পেজ ৫ এপ্রিল রাত ১০টা থেকে সাড়ে দশটার মধ্যে হ্যাকড করা হয়েছে বলে জানা যায়। হ্যাকাররা প্রথমে শাকিব খান ও অপু বিশ্বাসের পেজের অ্যাডমিন কবির হোসেন সাদ্দামের জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করে। এরপর শাকিব খান ও অপু বিশ্বাসের পেজ হ্যাকড করে। হ্যাকারা হ্যাক করার পর ১৬ মিনিটে ১১ বার পাসওয়ার্ড আইডি পরিবর্তন করে। তবে এরপর পেজের অ্যাডমিন সাদ্দাম হোসেন তার আইডি ফিরে পান। পেজের অ্যাডমিন দাবি করেন হ্যাকাররা ২০০ অথবা ৩০০ ডলার দিলে পেজ আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার কথা বলেছে। এছাড়া তিনি আরও জানান, হ্যাকাররা বাংলাদেশি। তাদের সঙ্গে কোন ধরনের কথা বলতে গেলে তারা গালাগালি করে। এদিকে ৬ এপ্রিল অপু বিশ্বাসের পেজে গিয়ে একটি স্টাট্যাস দেখা যায় যাতে লেখা আছে অপু বিশ্বাস আর শাকিব খানের পেজ হ্যাক করা হয়েছিল। এ স্টাট্যাসটি দুপুর ১২টার দিকে দেওয়া হয়। এ স্টাট্যাসটিতে ১৬৭টি লাইক আর ১টি শেয়ার হয়েছে। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার পেইজটি তো ভ্যারিফাইড করা। কিন্তু তারপরও কিভাবে ভ্যারিফাইড পেজ হ্যাক হয়ে যায়?’ এ ব্যাপরে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার কথা ভাবছেন বাংলা চলচ্চিত্রের এ নায়িকা। তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমার ফেসবুক পেজ থেকে কোন ধরনের বাজে কোন ছবি বা স্টাট্যাস দেওয়া হয় তাতে যেন আমার কোন ভক্ত মর্মাহত না হয়।’ তিনি শাকিবের পেজের বিষয়ে তিনি বলেন, ‘শাকিব খানের পেজটিও হ্যাক হয়েছে। তার ভক্তরাও যেন তার পেজ থেকে বাজে কোন ছবি বা মন্তব্য দেখে কোনভাবে তাকে ভুল না বোঝেন।’ এ বিষয়ে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।