রিচার্ড লিঙ্কলেটারের অস্কারজয়ী ছবি ‘বয়হুড’ নিয়ে সাড়া পড়ে গিয়েছিল পশ্চিমী ফিল্ম দুনিয়ায়। এবার সেই ছবির রিমেক হতে পারে বলিউডে। আর এই রিমেক ছবি দিয়েই হয়তবা বড়পর্দায় অভিষেক হতে পারে শাহরুখ পুত্র আরিয়ানের। কারণ এই ছবিটি প্রযোজনা করতে চান স্বয়ং কিং খান। হিন্দিতে মার্কিন এই ছবিটি রিমেকের অনুমোদন পাওয়ার ব্যাপারে ছবিটির নির্মাতাদের সাথেও কথা বলেছেন তিনি। অবশ্য এই ছবিটির কথা আরিয়ানই প্রথম জানিয়েছিল তার বাবাকে। ছবিটি দেখে মুগ্ধও হন বলিউড বাদশা। আর তাইতো বয়হুড এর এলার কোল্ট্রেন অভিনীত মুখ্য চরিত্রের জন্য ছেলেকেই নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন শাহরুখ। ছেলে অভিনয়ে আগ্রহী কিনা বিষয়টি অবশ্য তিনি তার ছেলেকে জানিয়েছেন। ছেলের কাছ থেকে সবুজ সংকেতও পেয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে পরিচালনা কে করবেন সে ব্যাপারে চিন্তা করবেন শাহরুখ। তবে এই ব্যাপারে পরিচালক মনীশ শর্মার সাথে আগাম কথাও বলে রেখেছেন। এইবার দেখার বিষয় ছেলে আরিয়ান তার বাবার পথে কতটা অগ্রসর হতে পারেন।