সাংবাদিক নির্যাতন ও গ্রেপ্তার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন


সাংবাদিক প্রবীর সিকদারকে শুধু জামিন দিয়ে নয়, মামলা থেকে অব্যাহতি এবং তাঁকে হয়রানীর সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক দেয়ার দাবি পাশাপাশি আটক সাংবাদিক নেতা শওকত মাহমুদ, মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবি জানিয়েছে রংপুরের সাংবাদিক সমাজ। বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, রিপোর্টার্স ক্লাবের সহ-সাধারন সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক প্রবীর সিকদারকে বে-আইনিভাবে আটক করা হয়েছে। রাজাকারদের হুইল চেয়ারে বসিয়ে আদালতে নেয়া হলেও শহীদ পরিবারের একজন সন্তানকে পুলিশ যেভাবে টেনে হেচড়ে নিয়ে গেছে তা আমাদের ভাবিয়ে তুলেছে। এসময় তথ্য প্রযুক্তি আইনের ৫৮ ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক দাবি করে তা বাতিলেরও দাবি জানানো হয়।

একই সাথে সাংবাদিক প্রবীর সিকদারসহ সারাদেশে বিভিন্ন সময় হামলা, নির্যাতন, খুন ও হত্যার শিকার সাংবাদিকদের ব্যাপারে সরকারকে জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। সেই সাথে আটক সকল সাংবাদিককে মিথ্যে মামলা ও গ্রেপ্তার থেকে অব্যাহতি দেয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক ও রাজণৈতিক সংগঠন সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। দুই ঘন্টাব্যাপী মানববন্ধনে রংপুরে কর্মরত বিভিন্ন প্রেস, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment