সাগর থেকে আরো ১৪০০ অভিবাসী উদ্ধার

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া উপকূল থেকে চারটি নৌকা থেকে ফের ১ হাজার ৪০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তাদের উদ্ধার করা হয়। খবর এএফপির।

উদ্ধারকৃত অভিবাসীরা বাংলাদেশ ও মিয়ানমারের (রোহিঙ্গা) নাগরিক বলে জানা গেছে।   মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, সাগরের পানি শান্ত থাকায় লাঙ্কাউই উপকূলে প্রায় ১ হাজার অভিবাসীকে নামিয়েছে পাচারকারীরা। এর মধ্যে নারী ও শিশু রয়েছে।
এর আগে ইন্দোনেশিয়া উপকূল থেকে বাংলাদেশ ও মিয়ানমারের ৬০০ অভিবাসীকে উদ্ধার করা হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে এই ১ হাজার ৪০০ জনকে উদ্ধারের খবর এল।

ধারণা করা হচ্ছে, অভিবাসীবোঝাই নৌকাগুলো থাইল্যান্ডের উপকূলে ভিড়তে না পেরে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলে যাচ্ছিল। থাইল্যান্ডের উপকূলীয় জঙ্গলে পাচারকারীদের শিবিরে বাংলাদেশি ও রোহিঙ্গাদের বেশ কয়েকটি গণকবর, কবর উদ্ধার হওয়ায় থাই সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার পর পাচারকারীরা নৌকাগুলোর গন্তব্য পরিবর্তন করে।

Comments (0)
Add Comment