আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সুপ্রিম কোর্ট ইসলাম অবমাননার দায়ে দেশটির আলোচিত ব্লগার রাইফ বাদাউইকে এক হাজার দোররা ঘা ও ১০ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনা সত্ত্বেও গত বছর দেশটির একটি নিম্ন আদালতের দেওয়া সাজা রোববার অপরিবর্তিত রাখেন সুপ্রিম কোর্ট।
রাইফ, যিনি ‘ফ্রি সৌদি লেবারেলস’ নামের একটি ব্লগের প্রতিষ্ঠাতা, ধর্মীয় অবমাননার দায়ে ২০১২ সালে গ্রেফতার হন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সাইবার অপরাধ, বাবাকে অমান্য ও ধর্ম ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়।
গত তিন বছর ধরে জেলে থাকা বাদাউইর লেখায় সৌদির শীর্ষ ধর্মীয় নেতাদের সমালোচনা করা হয়েছে- এমন তথ্য খুঁজে পাওয়া যায়।
রিয়াদের একটি নিম্ন আদালত ২০১৪ সালের মে মাসে তাকে ১০ লাখ রিয়াল জরিমানা ও ১০ বছরের কারাদণ্ড দেন। সঙ্গে এক হাজার দোররা মারার আদেশ দেওয়া হয়েছিল।
৯ জানুয়ারি ২০১৫ সালে ফজরের নামাজের পর রাইফকে ৫০ দোররা মারা হয়েছিল। যত দিন এক হাজার দোররা না হবে, তত দিন রোজ শুক্রবার সকালে তাকে দোররা মারার আদেশ ছিল। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসকরা তাকে দোররা মারার ওপর স্থগিতাদেশ দেন।