নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৬ জুন দু’দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে এটি হবে প্রথম সফর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরে প্রতিবেশী দু’টি দেশের মধ্যকার চমৎকার সম্পর্ক আরো জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। সফরকালে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির মধ্যে সরকারি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে। ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।