অস্ট্রেলীয় উপকূলে অভিবাসীবোঝাই নৌকা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক  :  অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে অভিবাসীবোঝাই একটি ভাসমান নৌকা শনাক্ত হয়েছে। কাঠের তৈরি এই নৌকায় কয়েক শ আশ্রয়প্রত্যাশী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার উপকূলে তেল-গ্যাস উত্তোলনে নিয়োজিত মডেক কোম্পানির কর্মীরা নৌকাটি দেখেছে। তাদের জাহাজ থেকে নৌকাটি ৫০০ মিটারের মতো দূরত্বে অবস্থান করছে। মডেক কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, নৌকাটিতে অনেক লোক দেখা গেছে।

যদি নিশ্চিত হয়, এটি অভিবাসীদের নৌকা, তবে এটি হবে ২০১৪ সালের জুন মাসের পর অভিবাসীদের অস্ট্রেলিয়ায় প্রবেশের প্রথম ঘটনা।

অস্ট্রেলিয়ায় যাতে আশ্রয়প্রত্যাশীদের নৌকা ঢুকতে না পারে, সেজন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। যে কারণে ২০১৪ সালের জুন মাসের পর থেকে এ পর্যন্ত অভিবাসীদের কোনো নৌকা নোংর করতে পারেনি অস্ট্রেলিয়ায়।

এদিকে মডেক কোম্পানির পক্ষ থেকে অভিবাসীবোঝাই নৌকাটি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষকে। তবে এ নিয়ে অস্ট্রেলিয়ার নৌবাহিনী ও অভিবাসন মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

Comments (0)
Add Comment