আইসিসিকে পিসিবির অনুরোধ

স্পোর্টস ডেস্ক:
গত সাত মাসে দু’বার অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বিরুদ্ধে। গলেতে প্রথম টেস্টে তার বিরুদ্ধে দ্বিতীয়বার অভিযোগ তোলেন আম্পায়াররা। পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য হাফিজের বিরুদ্ধে উঠা অবৈধ বোলিং অ্যাকশনের পরীক্ষা করাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে অনুরোধ জানিয়েছে। বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, পিসিবি লিখিতভাবে যত দ্রুত সম্ভব চেন্নাইয়ে হাফিজের বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে আইসিসিকে অনুরোধ করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, ল্যাবরেটরিতে অভিযোগের ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা করাতে হয়। হাফিজ বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করতে ব্যর্থ হলে তাকে ১২ মাসের নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে। তবে পিসিবি তার বোলিং অ্যাকশন শঙ্কামুক্ত হওয়া নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছে না। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে গেলে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় টেস্ট মিস করবেন হাফিজ।

Comments (0)
Add Comment