স্পোর্টস ডেস্ক : প্রোটিয়াদের সামনে সিরিজ জয়ের হাতছানি। আর স্বাগতিকদের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। এমনই ভিন্ন সমীকরণ নিয়ে রবিবার ৩ ম্যাচ সিরিজের ২য় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। আগামীকাল মিরপুরে ২ দলের ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।
গত দুটি হোম সিরিজে দাপটে খেলেছে বাংলাদেশ, এই সিরিজের শুরু থেকেই ছন্দে নেই তারা। বিশেষ করে ব্যাটসম্যানদের ব্যর্থতা ভাবিয়ে তুলেছে। যে কারণে সিরিজ হারের শঙ্কায় পড়েছে টাইগাররা। যদিও, এদিন মিরপুরে প্রস্তুতি মহড়ায় সাকিব, রিয়াদরা ব্যাটিং অনুশীলন করেননি।
আভাস পাওয়া গেছে, এই ম্যাচে একাধিক পরিবর্তন আসবে বাংলাদেশের সেরা একাদশে। উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাসের জায়গায়, ২ সিরিজ পর জাতীয় দলে ফিরতে পারেন এনামুল বিজয়। এছাড়াও, জুবায়ের লিখনের জায়গায় আসতে পারেন আরাফাত সানি।
অন্যদিকে, এ পর্যন্ত ১৫ বারের সাক্ষাতে একবার বাংলাদেশের কাছে হেরেছে হাশিম আমলার দল। সেই অনুপ্রেরণার সাথে বর্তমানে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায় প্রোটিয়ারা।