জেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদ নির্বাচনের আগে আইন মেনে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকা ছাড়ার জন্য অনুরোধ জানিয়েছে ওবায়দুল কাদের বলেন, দলের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশনা আছে। নির্বাচন কমিশনের যে আচরণ তা ভায়োলেট করার ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত কঠিন। কেউ কেউ এর মধ্যে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে আমি তাদের প্রত্যেককে সতর্ক করে দিয়েছি।
তিনি বলেন, কোনো অবস্থাতেই নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় অবস্থান করা যাবে না ও নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেয়া যাবে না। যারা বিভিন্ন এলাকায় আছেন, মন্ত্রী হন, এমপি হন, আপনারা স্ব স্ব এলাকা ত্যাগ করুন। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলুন।