নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন। বুধবার বিকেলে রাজশাহী আঞ্চলিক তথ্য অধিদফতরের কর্মকর্তা নাফেয়ালা নাসরিন প্রধানমন্ত্রীর সফরসূচির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে নবনির্মিত অতিথি ভবন ‘তরুণিমা’ এবং প্যারেড গ্রাইন্ডের নবনির্মিত গ্যালারির উদ্বোধন করবেন। পরে তিনি ৩৩তম বিসিএস ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তাদের অভিবাদন গ্রহণ করবেন।
এরপর প্যারেড পরিদর্শন শেষে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মধ্যে পদক দেবেন। পদক বিতরণ শেষে তাদের উদ্দেশে প্রধান অতিথির ভাষণ দেবেন।
ভাষণ শেষে তিনি পদ্মা নদীর তীরে নবনির্মিত অতিথি ভবন ‘উর্মি’ উদ্বোধন শেষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সঙ্গে আলোকচিত্র গ্রহণে অংশ নেবেন। বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে সারদা ত্যাগ করবেন।
বাংলাদেশেরপত্র/এডি/আর