নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামে ১০ কোটি টাকার চেক প্রতারণা মামলায় আলোচিত তিন ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তারা হলেন—দৈনিক আজাদীর সম্পাদক ও ইম্পেরিয়াল হাসপাতালের পরিচালক এম এ মালেক, মৃত মো. নুরুল আমিন এবং বিএসএ গ্রুপ ও রয়েল সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী।
যেভাবে সামনে আসে প্রতারণার অভিযোগ
আদালত সূত্রে জানা গেছে, ব্যবসায়িক লেনদেনের অংশ হিসেবে ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড ট্রাস্ট ব্যাংক পিএলসি, সিডিএ অ্যাভিনিউ শাখাকে ১০ কোটি টাকার একটি চেক প্রদান করে। গত বছরের ১১ আগস্ট চেকটি নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হলে অপর্যাপ্ত তহবিলের কারণে তা ডিজঅনার হয়।
পরবর্তীতে ব্যাংকের পক্ষে অ্যাডভোকেট মুহাম্মদ নাঈম অভিযুক্তদের কাছে একটি আইনি নোটিশ পাঠান। নোটিশে ৩০ দিনের মধ্যে বকেয়া অর্থ পরিশোধের কথা উল্লেখ করা হয়।
নোটিশের পরও টাকা পরিশোধ হয়নি
নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হওয়ায় ব্যাংক পাওনা আদায়ে আদালতে মামলা দায়ের করে। মামলার শুনানি শেষে সোমবার আদালত তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আইন সংশ্লিষ্টরা বলছেন, বড় অঙ্কের আর্থিক লেনদেনে চেক ডিজঅনারের ঘটনা ফৌজদারি অপরাধের আওতায় পড়ে এবং এ ধরনের মামলায় দ্রুত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়।
মামলার পরবর্তী অগ্রগতি এবং অভিযুক্তদের গ্রেফতারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখন দেখার বিষয়।