ইউটিউব থেকে কোটি টাকা আয় সুইডিশ তরুণের

প্রযুক্তি ডেস্ক : ইউটিউব থেকে কোটি টাকা আয় করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন এক সুইডিশ তরুণ! অবিশ্বাস্য শোনালেও সত্য, ২৫ বছর বয়সী ফেলিক্স ক্যাজেলবার্গ ২০১৪ সালে ইউটিউব থেকে সাত মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। বাংলাদেশি টাকায় যা ৫৪ কোটি ৬০ লাখ টাকারও বেশি!

বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইউটিউবে পিউ-ডি-পাই নামে পরিচিত ফেলিক্সের সাবস্ক্রাইবার সংখ্যা তিন কোটি ৭০ লাখেরও বেশি। জনপ্রিয় ব্যান্ড ওয়ান ডিরেকশন বা টেইলর সুইফটের মতো তারকার থেকেও তার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা এখন বেশি। বিশ্লেষকরা এ ঘটনাকে রীতিমতো বিস্ময়কর বলেছেন।

পিউ-ডি-পাই মূলত বিভিন্ন গেম সম্পর্কে নিজের মতামত ইউটিউবে শেয়ার করে থাকেন। এসব ভিডিওতে তাকে গেম খেলতে এবং একই সঙ্গে গেম সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়। সম্প্রতি ‘লেটস টক অ্যাবাউট মানি’ শিরোনামে একটি ভিডিও আপলোড করার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১৬ লাখ বার দেখা হয়েছে।

অবশ্য তার এই উত্থান আকস্মিক কোনো ঘটনা নয়। ২০১৩ সালেও তিনি প্রায় চার মিলিয়ন ডলার আয় করেছেন বলে জানা যায়। অবশ্য তার এ আয়ে বিস্ময় প্রকাশ করা সমালোচকদের জবাবে ২৫ বছর বয়সী এই তারকা বলেন, বেশিরভাগ অর্থই নানা সেবামূলক খাতে দান করে দিয়েছেন তিনি।

ইউটিউবের নীতিমালা অনুসারে কোনো আপলোডারের অর্থের হিসাব প্রকাশ করার অনুমতি না থাকলেও সম্প্রতি বেশ কিছু তারকা আপলোডারের অর্থের হিসাব ফাঁস হয়ে গেছে। ফলে জন্ম নিয়েছে নানা আলোচনা-সমালোচনার।

তথ্যসূত্র: বিবিসি।

Comments (0)
Add Comment