ইউরোপীয় প্রতিনিধিদের হাতে গুম-খুনের তথ্য-উপাত্ত দিলো বিএনপি

বাংলাদেশেরপত্রডেস্ক: ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির প্রতিনিধি দলের হাতে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম-খুন হওয়া বিরোধী দলের নেতাকর্মীদের একটি তালিকা তুলে দিয়েছে বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তাদের বৈঠক শুরু হয়ে চলে রাত সাড়ে সাতটা পর্যন্ত। তবে বৈঠক থেকে বের হয়ে তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির জানান, সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ওই প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়ে চলে সাড়ে সাতটা পর্যন্ত। মৌলিক রাজনৈতিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও শ্রম অধিকারসহ বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে ইউরোপীয় পার্লামেন্টের ওই প্রতিনিধিদল মঙ্গলবারই ঢাকায় আসে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির উপ-প্রধান ক্রিশ্চিয়ান দান প্রেদা। এ ছাড়াও উপস্থিত আছেন জোসেফ ওয়েডেনহোলজার, মারচিন গ্যাসিউক, লেভেন্তে সাজি, কারোল করসকি ও ব্রিজিত বাটাইলি।

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির এই প্রতিনিধি দলটি চারদিনের সফরে ঢাকা এসেছে। এই সফরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবে। এছাড়া তারা দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন বলে জানা গেছে।

Comments (0)
Add Comment