বিনোদন ডেস্ক : ২৬টি দেশকে টপকে ইতালিতে অনুষ্ঠিত ‘আ ফিল্ম ফর পিস’ ফেস্টিভালে সেরা ছবির পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘বৃহন্নলা’।
প্রতিযোগিতায় রাশিয়া, ফ্রান্স, আমেরিকা, ব্রাজিল, নরওয়ে, ইরাক, পর্তুগালসহ ২৬টি দেশ থেকে ৬৭টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত হয় ২৬টি ছবি। প্রতিযোগিতায় মুরাদ পারভেজ পরিচালিত ‘বৃহন্নলা’কে সেরা ছবি ঘোষণা করা হয়।
ছবির পরিচালক জানান, ১২ জুলাই রাতে পুরস্কারের খবরটি পান তিনি। তবে ভিসা জটিলতার কারণে সেখানে হাজির থাকতে পারেননি।‘বৃহন্নলা’ ছবিতে অভিনয় করেছেন সোহানা সাবা, ফেরদৌস, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ অনেকে। সরকারি অনুদানে নির্মিত ছবিটির সংগীত পরিচালনায় ছিলেন ইমন সাহা। সূত্র : আরটিএনএন