ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ড স্থগিতে বান কি-মুনের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

মাদক পাচারের দায়ে ইন্দোনেশিয়ায় আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় বিদেশিকে বাঁচাতে এবার দেশটির সরকারের কাছে সাজা স্থগিতের অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। জাতিসংঘ যেকোনো অবস্থায় মৃত্যুদণ্ডকে সমর্থন করে না জানিয়ে এক বিবৃতিতে বান কি-মুনের মুখপাত্র বলেন, ইন্দোনেশীয় প্রেসিডেন্ট জোকো উইডোডো’র কাছে মহাসচিব এ মৃত্যুদণ্ডাদেশ স্থগিতের অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে দেশটিতে এ ধরণের সাজা বন্ধে চিন্তা-ভাবনারও পরামর্শ দিয়েছেন তিনি। তবে মহাসচিবের এ অনুরোধে দেশটির সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো জবাব দেওয়া হয়নি বলে জানা গেছে। এর আগে, যত দ্রুত সম্ভব কুখ্যাত ‘বালি নাইন’ মাদক চক্রের দুই অস্ট্রেলীয় সদস্যসহ নয় বিদেশির সাজা কার্যকর করা হবে বলে ঘোষণা দেয় ইন্দোনেশিয়া। মঙ্গলবারই (২৮ এপ্রিল) তাদের সাজা কার্যকর করা হতে পারে বলে একাধিক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সাজাপ্রাপ্ত নয় আসামীকেই নুসাকামবাঙ্গান দ্বীপে পাঠানো হয়েছে বলে জানা গেছে। উচ্চ নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা এই দ্বীপেই তাদের সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

Comments (0)
Add Comment