ইরান চুক্তির পর নেতানিয়াহুর পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক :  ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে চূড়ান্ত চুক্তি সইয়ের পর ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন সাবেক অর্থমন্ত্রী ইয়াইর লাপিদ।

তিনি বলেছেন, “কয়েক বছর ধরে আপনি বলেছেন কেবল আমিই পারি ইরানের পরমাণু চুক্তি প্রতিরোধ করতে কিন্তু এখন তো চুক্তি হয়ে গেল। এর দায়ভার আপনার এবং আপনি পদত্যাগ করুন।” লাপিদ বর্তমানে ইসরাইলের ইয়েশ আতিদ পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।নেতানিয়াহুর ইরান-বিরোধী কূটনৈতিক প্রচারণার সমালোচনা করে তিনি একে তার বিশাল ব্যর্থতা বলে মন্তব্য করেন।

চুক্তির পর ইসরাইলের আরো কয়েকটি রাজনৈতিক দল ও জোট এবং অনেক ব্যক্তি নেতানিয়াহুকে তোপের মুখে ফেলেছেন। তারা সবাই বলছেন, “যেভাবেই দেখি না কেন, বলতেই হবে এটি নেতানিয়াহুর ব্যক্তিগত ব্যর্থতা। বছরের পর বছর প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনিই এ চুক্তি ঠেকিয়ে দেবেন কিন্তু তা পারেন নি; তিনি ব্যর্থ।”

নেতানিয়াহু বহুদিন থেকে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর পরমাণু আলোচনার বিরুদ্ধে আগ্রাসী বক্তব্য দিয়ে আসছেন এবং কখনো কখনো একাই ইরানের বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিয়েছেন। তবে, তার কথা পাত্তা না দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের সঙ্গে পরমাণু আলোচনাকে এগিয়ে নিয়ে গেছেন।

এদিকে, চুক্তির পর নেতানিয়াহু ইসরাইলের রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেছেন, “এখন সংকীর্ণ রাজনীতি বাদ দিয়ে ইসরাইলের ভবিষ্যত ও নিরাপত্তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

Comments (0)
Add Comment