স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস ইংলিশ ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর হতে যাচ্ছেন। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড’র (ইসিবি) পক্ষ থেকে এমনটাই ইঙ্গিত দেয়া হয়েছে। বিশ্বকাপ ব্যর্থতার জের ধরে গত এপ্রিলে ম্যানেজিং ডিরেক্টর পল ডন্টনের পদত্যাগের পর থেকেই এই পদের জন্য নতুন কাউকে খুঁজছে ইসিবি। ডন্টনের পদত্যাগের পর মাইকেল ভন, অ্যালেক স্টুয়ার্ট ও অ্যান্ড্রু স্ট্রস ম্যানেজিং ডিরেক্টর পদের জন্য আগ্রহ প্রকাশ করেন। তবে স্ট্রসকেই এই পদের জন্য নিয়োগ দেয়া হবে বলে ইসিবির এক ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। ৩৮ বছর বয়সী স্ট্রস ইংল্যান্ডের হয়ে খেলা ১০০টি টেস্টের ৫০টিতে জাতীয় দলকে নেতৃত্ব দেন। টেস্টে ৪০.৯১ গড়ে ৭ হাজার ৩৭ রান করেন তিনি। এদিকে সাবেক ইংলিশ ক্রিকেটার ও বর্তমান জনপ্রিয় ধারাভাষ্যকার জিওফ বয়কট ইসিবির ম্যানেজিং ডিরেক্টর পদের জন্য অ্যান্ড্রু স্ট্রসকে চাইছেন না। রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে হেরে ইংল্যান্ড তিন ম্যাচ টেস্ট সিরিজ ড্র করার পর বয়কট বলেন, ‘দলের বাজে অবস্থার পরিবর্তন হবে না যদিও স্ট্রসকে নিয়োগ দেয়া হয়। যদি তাকে ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত করা হয়, তথাপি দলের অবস্থা অপরিবর্তিত থাকবে।’