ইয়েমেনে ছেড়ে পালিয়েছে ১ লাখ বাসিন্দা

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি নেতৃত্বাধীন আরবজোটের বিমান হামলা চালানোর পর এক লাখেরও বেশি ইয়েমেনি জনগণ দেশ ছেড়ে পালিয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইউনিসেফের মুখপাত্র রাজাত মাধক বার্তা সংস্থা আল জাজিরাকে বলেন, যেসব ইয়েমেনি নাগরিক গৃহহীন হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তিনি বলেন, ‘ আল ধালে, আবেইন, আমরান , সাদা, হাজ্জা এলাকা থেকেই অধিকাংশ বাস্তুহারার ঘটনা ঘটেছে। এসব গৃহহীনদের অনেকে তাদের স্বজনদের কাছে আশ্রয় নিয়েছেন। ইউনিসেফ জানিয়েছে, গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া যুদ্ধে ৭৪শিশু নিহত হয়েছে এবং আরো ৪৪জন পঙ্গু হয়ে গেছে। বিবৃতিতে বলা হয়, ‘এই সংখ্যা খুবই পরিমিত এবং ইউনিসেফ বিশ্বাস করে শিশুদের মৃত্যুর প্রকৃত সংখ্যা এর চাইতেও বেশি।’ ইউনিসেফের ইয়েমেনে প্রতিনিধি  জুলিয়ান হারনিস বলেন, শিশুদের অসহনীয় মূল্য দিতে হচ্ছে এবং তাদের রক্ষায় আরো পদক্ষেপ নেয়া উচিৎ।

এদিকে হুথি বিদ্রোহী ও প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির অনুগত সেনাদের মধ্যে সংঘর্ষে গত চব্বিশ ঘণ্টায় ইয়েমেনের এডেনে ১৪০ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সোমবার (০৬ এপ্রিল) হাদির ঘাঁটি বলে পরিচিত বন্দরনগরী এডেনে এ সংঘর্ষ শুরু হয়। প্রেসিডেন্ট হাদি সেনাবাহিনীর তিন সর্বোচ্চ কর্মকর্তাকে বরখাস্ত করার পরপরই এ সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করে। বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন- সেনাপ্রধান জেনারেল আব্দুল্লাহ খায়রান, সেনা উপপ্রধান জেনারেল জাকারিয়া আল শামি ও স্পেশাল ফোর্স প্রধান জেনারেল আব্দুলা রাজ্জাক আলমৌনি।  এদিকে সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথবাহিনী মানবিক সহায়তা দিতে রেডক্রসকে অনুমতি দিলেও, সহায়তা নিয়ে রাজধানী সানায় পৌঁছাতে বিলম্ব হওয়ায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এর আগে সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথবাহিনীর পক্ষ থেকে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে মানবিক ও চিকিৎসা সহায়তা দেওয়ার অনুমতি পাওয়া গেছে বলে জানায় আন্তর্জাতিক মানবিক সহায়তাদানকারী সংস্থা রেডক্রস। সহায়তা নিয়ে সোমবার (০৬ এপ্রিল) সানায় রেডক্রসের দু’টি প্লেন পৌঁছানোর কথা থাকলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তা পৌঁছায়নি বলে জানা গেছে।

Comments (0)
Add Comment