ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় হাউথি বিদ্রোহীদের লক্ষ্য করে সৌদি জোটের বিমান হামলায় সোমবার কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। একই দিন বন্দরনগরী এডেনের একটি বাজারে জোটের বিমান হামলায় মারা গেছে অন্তত ৪৫ জন বেসামরিক নাগরিক।

এসব হামলায় আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার ইয়েমেনের বিভিন্ন জায়গায় দফায় দফায় বিমান হামলা চালায় সৌদি জোট।

সৌদি জোটের এই অব্যাহত হামলার মধ্যেই যুদ্ধবিরতির লক্ষ্যে হাউথি ও প্রেসিডেন্ট হাদি সমর্থকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল শেখ আহমেদ। খুব শিগগিরই যুদ্ধবিরতির বিষয়ে আশা প্রকাশ করেছে ইয়েমেনের নির্বাসিত সরকার।

শিয়া হাউথিরাও যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছে। হাউথিদের মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম ফেসবুকে এক পোস্টে জানান অস্ত্রবিরতির বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা।

Comments (0)
Add Comment