ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্রুতগামী মিনি ট্রাকের নিচে চাপা পড়ে শাহজাহান আলী (৭০) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ও উপজেলা আনসার ভিডিপিতে কর্মরত ছিলেন। শনিবার ভোরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার শামিম আলম নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও ২’শ কেজি চাল অনুদান দিয়েছেন। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, রাতে শাহজাহান আলী মহাসড়কে নিরাপত্তার দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বোয়ালিয়া ব্রিজের নিকট রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মিনি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।