হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ জানান, মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি ছেলে ও দুইটি মেয়ের জন্ম দেন আরজিনা বেগম। এরমধ্যে দুই ছেলে ও এক মেয়ে নবজাতক মারা গেছে। তবে মা ও বাকি দুই নবজাতক সুস্থ রয়েছে।
আরজিনা গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের শেরেকুল ইসলামের স্ত্রী।শেরেকুল ইসলাম ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।
আরজিনার অস্ত্রোপচারকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সিরাজুম মুনিরা ডেইজী বলেন, মঙ্গলবার বিকালে আরজিনা যখন হাসপাতালে ভর্তি হন তখন তার শারীরিক অবস্থা অস্বাভাবিক ছিল।
তিনি বলেন, তাকে পরীক্ষা নিরীক্ষা করে মঙ্গলবার রাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। পরে তিনি একে একে পাঁচটি সন্তানের জন্ম দেন।