স্পোর্টস ডেস্ক: ইংলিশ ফুটবলের তৃতীয় সারির দল স্কানথর্পকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে চেলসি। ঘরের মাঠে ২-০ গোলে জেতে লন্ডনের ক্লাবটি।
স্ট্যামফোর্ড ব্রিজে রোববার তৃতীয় রাউন্ডের লড়াইয়ে ত্রয়োদশ মিনিটেই স্প্যানিশ স্ট্রাইকার দিয়োগো কস্তার গোলে এগিয়ে যায় চেলসি। আর ৬৮তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার রুবেন লোফ্টাস-চিকের গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
বাজে পারফরম্যান্সের দায়ে বরখাস্ত জোসে মরিনিয়োর জায়গায় আসা নতুন কোচ ডাচ হিডিংকের অধীনে চেলসির এটা দ্বিতীয় জয়। সব প্রতিযোগিতা মিলে এ বছর দুই ম্যাচ খেলে দুইটিতেই জিতল তারা।
প্রিমিয়ার লিগের পর ইংলিশ ফুটবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এ প্রতিযোগিতায় আগের দিন চতুর্থ রাউন্ডে উঠে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।