এবারও বর্ষসেরা ক্লাব বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক : গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে বার্সেলোনার। লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগ জিতে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের গৌরব অর্জন করে কাতালান ক্লাবটি। এমন দাপুটে পারফরম্যান্সের পুরস্কারও পেল বার্সা।। গত মৌসুমের বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতেছে মেসি-নেইমার-সুয়ারেজদের ক্লাব।

সোমবার এক অনুষ্ঠানে বার্সাকে বর্ষসেরা ক্লাবের এই পুরস্কার দিয়েছে ইউরোপীয় ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ)।

প্রতি মৌসুমে মোট চারটি বিভাগে পুরস্কার দিয়ে থাকে ইসিএ। বার্সা পেয়েছে বর্ষসেরা ক্লাবের পুরস্কার। সেরা উদীয়মান ক্লাব হয়েছে ইউক্রেনের নিপ্রো। সবাইকে চমকে দিয়ে গত মৌসুমে ইউরোপা কাপের ফাইনালে উঠেছিল ক্লাবটি।ইংলিশ ক্লাব আর্সেনাল জিতেছে সামাজিক দায়বদ্ধতার বিভাগে সেরা পুরস্কার। লন্ডনের যুব শ্রেণির বেকারত্ব ঘোচাতে গ্রহণ করা বিভিন্ন উদ্যোগের ফলেই এই পুরস্কার পেয়েছে আর্সেনাল।

এ ছাড়া ‘একসঙ্গে চলি আমরা’ স্লোগানের আওতায় স্টেডিয়ামে দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রবেশ সহজ করার উদ্যোগ নিয়েছিল এস্তোনিয়ান ক্লাব লেভাদিয়া তালিন। তারা পেয়েছে ‘সেরা অর্জনের’ পুরস্কার।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment