এবার আইপিএলের পর পাকিস্তান: সাকিব

স্পার্টস ডেস্ক:
তিন ওয়ানডে, দুই টেস্ট ও এক টি-টোয়েন্টি খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে তাই দলের সাথে যোগ দিয়েছেন অল রাউন্ডার সাকিব আল হাসান। এখন প্রশ্ন হল আইপিএল থেকে সাকিবের প্রাপ্তির খাতায় কি যুক্ত হল? আইপিএলে দু’টি ম্যাচ খেলতে পারায় পাকিস্তানের বিপক্ষে নিজের প্রস্তুতিটা ভালোই হয়েছে বলে ভারতীয় একটি গণমাধ্যমকে জানান সাকিব। বললেন, ‘খুব বেশি ম্যাচ এবারের আইপিএলে খেলতে পারিনি। যতটুকুই খেলেছি তাতেই আসন্ন সিরিজের জন্য ভালো প্রস্তুতি হয়েছে।’
এবারের আইপিএলে অবশ্য আহামরি কিছু করতে পারেন নি সাকিব। দুই ম্যাচে একবার ব্যাটিং করার সুযোগ পেয়ে শূন্য রানে রান আউট হন তিনি। আর বল হাতে দুই ইনিংসে ৬ ওভার হাত ঘুড়িয়ে ৬৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন সাকিব। তারপরও আইপিএলে এই দু’ম্যাচ খেলতে পারাটা পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ভালো প্রস্তুতি বলে মনে করে সাকিব বললেন, ‘এখানে মাত্র দু’টি ম্যাচ খেলেছি।
এখন আমার চিন্তায় পাকিস্তানের সিরিজ। আমার মনে হয় কেকেআর-এর সাথে থেকে অনুশীলন ও খেলতে পারাটা আমার জন্য সহায়ক হবে। এটা অনেকটা বাংলাদেশ দলের সাথে অনুশীলন করার মতো। আর এখন অপেক্ষায় আছি পাকিস্তানের বিপক্ষে পারফর্ম করার জন্য।’
শুধুমাত্র আইপিএল-ই নয়, ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে লিগে খেলাটাও তার পারফরমেন্সে উন্নতি করবে বলে জানান সাকিব, ‘আমার মনে হয় সকলেই আমার সাথে একমত হবেন। এসব লিগে খেলতে পেরে অনেক আন্তর্জাতিক খেলোয়াড়ের শক্তি ও দুবর্লতা সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছি। দেশে ফিরে এসব লিগে খেলতে পারার অভিজ্ঞতা দলের অন্যান্যদের সাথে শেয়ারও করতে পারবো।’
এগারতম বিশ্বকাপ নিয়েও কথা বলেছেন সাকিব। আর সেখানে দলের মিডল-অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের প্রশংসাই করলেন সাকিব, ‘প্রত্যাশার চাইতেও অনেক বেশি ভালো পারফরমেন্স করেছে মাহমুদুল্লাহ। কেউই ভাবতেও পারেনি মাহমুদুল্লাহ এত বেশি ভালো পারফরমেন্স করবে। এছাড়া এবারের আসরে বাংলাদেশের অনেক বড় অর্জন ছিল তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।’

Comments (0)
Add Comment