বিনোদন ডেস্ক:
এতোদিন চা, পান অনেক কিছুই খেয়েছেন। শুধু খেয়েছেন বলে থেমে গেলে, তার স্বভাবটা ঠিকঠাক বোঝানো যাবে না। এমনই তার খাওয়ার বহর, রীতিমতো রেকর্ড হয়ে যাওয়ার মতো। সেই ব্যক্তি এবার আসছেন ঘুষ খেতে। কে তিনি? ‘চাখোর’, ‘পানখোর’ ও ‘ঝালখোর’ তিনটি কিস্তিই দারুণভাবে জনপ্রিয় তার কারণে। তিনি মোশাররফ করিম। তাকে দিয়ে এবার ঘুষ খাওয়ানোর পরিকল্পনা ফেঁদেছেন নির্মাতা মারুফ মিঠু। নির্মাণ করছেন ‘সেই রকম ঘুষখোর’। ২৯ জুন গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণ শুরু হবে। তবে বরাবরের মতো এ কিস্তিতে এসে মোশাররফের নায়িকা বদলে যাচ্ছে। আসছেন রিচি সোলায়মান। এর আগের তিনটি কিস্তিতে অভিনয় করেছিলেন অর্ষা, নাদিয়া ও ভাবনা। চিত্রনাট্য লিখছেন আশরাফুল চনচল। আগামী ঈদে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি।