স্পোর্টসডেস্ক: নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের আট নম্বরে উঠলো বাংলাদেশ। এ যাত্রায় পাকিস্তানকে পেছনে ফেলেছে টাইগাররা।
ওয়ানডেতে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে মাশরাফিবাহিনী। ঐ সিরিজ জয়ের জন্য সবচেয়ে বড় পুরস্কার পেল বাংলাদেশ। র্যাংকিং- এর নয় থেকে আট নম্বরে উঠে গেল টাইগাররা। সাত নম্বরে উঠার সুবর্ণ সুযোগও রয়েছে তাদের। কারণ সাত নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের রেটিং সমান ৮৮। ভগ্নাংশের হিসেবে পিছিয়ে পড়ায় বর্তমানে আট নম্বরে রয়েছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে নিজ মাঠে পরবর্তী ওয়ানডে সিরিজে ভালো করতে পারলে ভগ্নাংশকে হিসেব-নিকাশে না রেখে এককভাবে র্যাংকিং- এ সাত নম্বরে উঠে যাবে বাংলাদেশ। আগামী ৭ জুন বাংলাদেশ সফরে আসছে ভারত। তবে যাই হোক, অন্তত র্যাংকিং- এ আট নম্বরের মধ্যে থাকতে পারলে আগামী বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। এগারতম বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিলো টাইগাররা।