কার্যক্রম বন্ধের ঘোষণায় রংপুরের নর্দার্ন মেডিকেল কলেজে ভাঙচুর

রংপুর প্রতিনিধি: রংপুরে নর্দার্ন মেডিকেল কলেজের কার্যক্রম সাময়িক বন্ধের ঘোষণায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান রোকেয়া লাভলীর কার্যালয় ও ক্যাম্পাসে অবস্থিত তাঁর বাসায় ভাঙচুর করেছেন। কলেজের কার্যক্রম হঠাৎ বন্ধ ঘোষিত হওয়ায় এখানকার ৪০০ শিক্ষার্থী তাঁদের শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
নর্দার্ন মেডিকেল কলেজ সূত্র জানায়, এই কলেজে বিদেশি ৩০ জন শিক্ষার্থীসহ ৪০০ শিক্ষার্থী রয়েছে। সেই সঙ্গে কলেজ ও হাসপাতালে কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ৪০০ জন।
এ কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এক মাস পরে ফাইনাল পরীক্ষায় অংশ নিতেন। এভাবে হঠাৎ বন্ধের ঘোষণায় একেবারে ভেঙে পড়েছেন সাইফুল। তিনি বলেন, ‘কয়েক বছর ধরে এখানে পড়ালেখা করছি। তেমন কোনো অসুবিধা হয়নি। এখন ফাইনাল পরীক্ষার আগে এই ঘটনায় পুরো শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে গেল।’
নর্দার্ন মেডিকেল কলেজের পরিচালক সেরাফুল হোসেন মুঠোফোনে বলেন, কোনো প্রকার সমস্যা থাকলে তা সমাধানের জন্য সময় দেওয়ার প্রয়োজন ছিল। এখানে ৪০০ শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারী রয়েছে ৮০০ জন। কোনো কিছু না জানিয়ে হঠাৎই এমন সিদ্ধান্তে সবাই হতভম্ব হয়ে পড়েছেন।
কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, ‘এখনো মন্ত্রণালয়ের কোনো লিখিত নির্দেশনা পাওয়া যায়নি। গণমাধ্যম থেকে জানতে পেরেছি। তবে উদ্ভূত সমস্যা সমাধানে চেয়ারম্যানসহ পরিচালকেরা ঢাকায় গেছেন।’

Comments (0)
Add Comment