কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিলেন বজ্রশক্তির প্রতিনিধি বাপ্পী রায়

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিচ্ছেন প্রতিনিধি বাপ্পী রায় (ডানে)

নিজস্ব প্রতিনিধি:
গাইবান্ধায় কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন দৈনিক বজ্রশক্তির সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি বাপ্পী রায়। আজ মঙ্গলবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। তিনি বামনডাঙ্গা বন্দরের মানিক রায়ের পুত্র।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ডাক বাংলো জামে মসজিদের সামনের রাস্তায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তুলে নিয়ে নিজের হেফাজতে রাখেন বাপ্পী রায়। টাকার ব্যাগ পাওয়ার বিষয়টি কাউকে না জানিয়ে তিনি নিজেই এর মালিককে খুঁজতে থাকেন। পরে দুপুর ১ টার দিকে টাকার সন্ধানরত একজনকে খুঁজে পান তিনি যার দেওয়া বিবরণের সাথে সব কিছু মিলে গেলে টাকার ব্যাগটি হস্তান্তর করেন বাপ্পী। টাকার মালিক বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের নুরুজ্জামানের পুত্র মজনু মিয়া।
বাপ্পী রায় বলেন, ব্যাগটিতে এক লাখ ৩০ হাজার টাকা ছিল। টাকার মালিক একজন ব্যবসায়ী। তিনি টাকা পাওয়ার পর খুশিতে আমাকে পুরষ্কারস্বরূপ কিছু টাকা দিতে চাইলে আমি তা নেই নি। আমি ওই টাকা ফেরত দেওয়াকে আমার কর্তব্য মনে করেছি, তাই এর কোনো বিনিময় নিতে চাইনি। টাকার মালিক টাকা ফেরত পেয়ে খুবই খুশি হয়েছেন। এটাই আমার প্রাপ্তি।’
উল্লেখ্য, বাপ্পী রায় সুন্দরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্য। তিনি দৈনিক বজ্রশক্তি’র সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

Comments (0)
Add Comment