কেশবপুর প্রতিনিধি, যশোর:
যশোরের কেশবপুরে জামাই কুপিয়ে খুন করেছে শ্বশুর হোসেন আলী সরদার (৫০) কে। এ ঘটনায় জামাইয়ের তিন সহযোগীকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার হাসানপুর গ্রামের আনার আলী সরদারের ছেলে হোসেন আলীকে তেঘরী বাজার থেকে ফেরার পথে ওঁৎ পেতে থাকা জামাই তেঘরী গ্রামের কাওছার আলীর ছেলে আজাহারুল ইসলাম (২৮) ও তার সঙ্গীরা শ্বশুর হোসেন আলীকে টিটাবাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার উপর একাকী পেয়ে উপর্যুপরি ধারালো দা দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। তাৎক্ষণিক এলাকাবাসি তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেয়ার পথে রবিবার সকালে হোসেন আলীর মৃত্যু হয়।
খবর পেয়ে রাতেই থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিনের নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে হত্যার সাথে জড়িত থাকার দায়ে উপজেলার তেঘরী গ্রামের ইসমাইল সরদারের ছেলে ওমর আলী (৪২), মৃত ময়েজ উদ্দিন মোড়লের ছেলে রেজাউল ইসলাম (৩৭) ও মশিয়ার মোড়লের ছেলে বিলাল হোসেন (২৩) কে আটক করে।
এ ঘটনায় নিহত হোসেন আলীর ভাই বিলাল হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে।