খালেদার ওপর হামলার প্রতিবাদে বুধবার হরতাল ডেকেছে বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার ঢাকা-চট্টগ্রাম বাদে সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি। একইসঙ্গে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচিরও ডাক দেয়া হয়েছে। হরতালের মতো বিক্ষোভেও আওতামুক্ত থাকবে ঢাকা-চট্টগ্রাম মহানগরী।সোমবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিএনপি নেত্রীকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলা করা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।

এসময় তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে ভাংচুর ও সশস্ত্র হামলার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি।’

ব্যারিস্টার মওদুদ আহমেদ আরও বলেন, ‘ঢাকা ও চট্টগ্রাম সিটি শহর ছাড়া সারাদেশে আগামী বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।’

এর আগে সিটি নির্বাচনে ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।  এসময় কারওয়ান বাজার এলাকায় তার গাড়িবহরে হামলা করা হয়।  এ ঘটনায় বেগম জিয়া অক্ষত থাকলেও তার কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় হরতাল ও বিক্ষোভ সমাবেশের এই ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

Comments (0)
Add Comment