খালেদা জিয়া নাটক শুরু করেছেন: প্রধানমন্ত্রী

খালেদা জিয়া আবার সিটি করপোরেশন নির্বাচনে মাঠে নেমে নাটক শুরু করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নাটক বন্ধ করারও আহবান জানান তিনি।

সোমবার সন্ধ্যায় মাগুরা উপনির্বাচন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের মিটিংয়ের শুরুতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, উনি (খালেদা জিয়া) সব কিছুতে নাটক করছেন। ৯১ দিন অফিসে বসে বোমা ককটেল মেরে বাস পুড়িয়ে মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করেছেন। মানুষের জীবনকে স্থবির করে দিয়েছিলেন। যখন শান্তি এসেছে, মানুষকে আবার যন্ত্রণা দিতে তিনি মাঠে নেমেছেন।

খালেদাকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘কোন নির্বাচন ঠেকাতে পারেননি। হঠাৎ নির্বচানী প্রচারে নেমে নাটক সৃষ্টি করছেন। তার সিকিউরিটি ফোর্স বিনা উস্কানিতে গুলি চালায়। তার কাছে নিশ্চয়ই সার্ভে আছে, তার জেতা সম্ভব নয়। সেই জন্য ভীতিকর পরিস্থিতি সৃস্টি করছেন, পরিবেশ নষ্ট করছেন।’

‘মানুষ যখন স্বতস্ফূ্র্তভাবে নির্বাচনে অংশ নিয়েছে। তখনই তিনি নাটক সৃষ্টি করছেন। ৯১ দিন অনেক যন্ত্রণা দিয়েছেন, আর অশান্তি সৃষ্টি করবেন না। আপনার নিরাপত্তা কর্মীদের ঠেকান। মানুষের জান মাল নিয়ে আর যেন না খেলা হয়।’

জনগণ যাকে ভোট দিবে সে-ই আসবে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ক্ষমতায় থাকতে আইভি রহমানকে হত্যা করেছেন। আমাকে হত্যার চেষ্টা করেছেন। রাস্তায় নেমেই আবার জনগণের জীবনে অশান্তি সৃষ্টি করেছেন। মানুষ এই সব থেকে রেহাই চায়। এটা স্থানীয় সরকার নির্বাচন। নাটক সৃষ্টি না করে দেশের মানুষকে শান্তি দেন।

প্রসঙ্গত, সোমবার নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম ৩০ মে  মাগুরা উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেন।

এ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সিরাজুল আকবর গত ৯ মার্চ মারা যান। আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ভোট আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

Comments (0)
Add Comment