রাজধানীর খিলক্ষেতের মাদবর বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে আহনাফ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহনাফের বন্ধু আমিনুল ইসলাম জানান, আনাফ পাবনার বেড়া উপজেলার পেচাখোলা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ৬-৭ মাস আগে ঢাকার সরকারি তিতুমীর কলেজের গণিত বিভাগ থেকে মাস্টার্স পাস করেছেন। থাকতেন বাড্ডা নতুনবাজার এলাকার একটি মেসে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, খিলক্ষেত থেকে ট্রেনে কাটা পড়া আহনাফ নামে এক যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তার আগেই আহনাফের মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য আহনাফের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।