চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে খুলশীর ১৩নং ওয়ার্ডে রেলওয়ের বিদ্যুৎ নিয়ে শুরু হয়েছে জমজমাট ব্যবসা। চলছে অবৈধ বিদ্যুৎ সংযোগের ছড়াছড়ি। কিছু অসাধু লোক নিু আয়ের লোকদের অসচেতনতার সুযোগ নিয়ে চালিয়ে যাচ্ছে এ কার্যক্রম। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব।
জানা গেছে, ঝাউতলা বস্তি, রেলওয়ে কালোনি, পসগুন বাগান, ওয়ার্লেস, আমবাগানের বস্তিগুলোতে ও দোকানে চলছে এ অবৈধ সংযোগ। এছাড়া ব্যাটারিচালিত রিকশার গ্যারেজেও দেওয়া হয়েছে এসব অবৈধ সংযোগ। প্রতিটি রিকশা থেকে চার্জ বাবদ নেওয়া হয় মাসে ১০০০ টাকা। কিছুদিন আগে পত্রপত্রিকায় এ ব্যাপারে সংবাদ প্রকাশিত হওয়ার পর সাময়িকভাবে অবৈধ সংযোগ বন্ধ থাকলেও বর্তমানে পুনরায় শুরু হয়েছে কার্যক্রম। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত এসব অবৈধ সংযোগ প্রদান ও পরিচালনাকারী অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে কোনও প্রকার আইনানুগ ব্যবস্থা নেয়া হয় নি।
এলাকার সচেতন নাগরিকদের দাবি দ্রুত এই সমস্যা সমাধান এবং দোষীদের আইনের আওতায় আনা হোক।
এ ব্যাপারে রেলওয়ের (ডি ই ই) সাকের আহাম্মেদের সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমাদের মাথায় আছে, আমরা অবৈধ সংযোগ বিচ্ছেদে কাজ করছি। কিন্তু এটি দ্রুত বন্ধ করা সম্ভব নয়, তবে যত দ্রুত সম্ভব বন্ধ করার জন্য প্রশাসনিকভাবে কাজ চলছে।