বোনারপাড়ায় লালমনি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, যাত্রীদের দুর্ভোগ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার বোনারপাড়া রেল স্টেশন এলাকায় বুধবার দুপুরে ঢাকাগামি লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লালমনিরহাট থেকে ঢাকাগামী ওই ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর স্টেশনের দক্ষিণ গেটে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।
রেলের একটি সূত্র জানায়, দায়িত্ব প্রাপ্ত পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টরের খামখেয়ালীপনার কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে। রেললাইন ট্রেন চলাচলের উপযোগী আছে কি না তা না দেখেই দায়িত্বরত ওয়ে ইন্সপেক্টর ট্রেন ছাড়ার অনুমতি দেয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে রেল কর্তৃপক্ষ মনে করছেন।
বোনারপাড়া স্টেশন মাস্টার আব্দুল জলিল জানান, গাইবান্ধা থেকে ট্রেনটি বোনারপাড়া স্টেশনে ঢোকার পর নিয়মিত বিরতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। স্টেশন থেকে সামান্য দুরে দক্ষিণ রেলগেটে গিয়ে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। ভাগ্যক্রমে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে দোলনচাপা ট্রেনটি সোনাতলা স্টেশনে আটকে রাখতে হয়। বিকাল ৫টার দিকে ইঞ্জিন লাইনে স্থাপন করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
তবে ট্রেন দুর্ঘটনার ফলে যাত্রীরা দীর্ঘ সময় সেখানে আটকা পড়ায় তাদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।

Comments (0)
Add Comment