মিথুন ধর , গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারী চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১০ মাসের শিশুসহ দুইজন নিহত হয়েছে এবং এসময় অটোরিক্সায় থাকা আরও ১০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা যায়। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠেরহাটের হাসনেরপাড়া (বুড়িরঘর) নামক এলাকায় বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের হাসনেরপাড়া গ্রামের জিল্লুর রহমানের ১০ মাসের মেয়ে খাদিজা ও সদর উপজেলার তুলসীঘাট ইউনিয়নের নান্দিনা সাহাপাড়ার হাবিজারের মেয়ে সুমি খাতুন (২২)।
স্থানীয়রা জানান, গাইবান্ধা শহর থেকে ১০-১২ জন যাত্রী নিয়ে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা পলাশবাড়ী যাচ্ছিল। পথে মাঠেরহাটের হাসনেরপাড়া বুড়িরঘর নামক এলাকায় অটোরিক্সা পৌছিলে গাইবান্ধাগামী শাহীন-শাওন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটোরিক্সা দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুসহ দুইজনের মৃত্যু হয়। অন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের জরুরী বিভাগের ডা. মো. শাহীন জানান, হাসপাতালের আনার আগেই শিশু খাদিজা ও সুমির মৃত্যু হয়। আহতদের মধ্যে জিল্লুর রহমান (২৫), জুথি খাতুন (২২) ও নয়ন তারার (২৫) অবস্থা আশস্কাজনক বলেও জানান তিনি।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।