গাইবান্ধায় সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিষধর সাপের কামড়ে মো. আনিছুর রহমান জোয়দার (৪৪) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার রাত ১ টার দিকে তার মৃত্যু হয়। নিহত আনিছুর রহমান জোয়দার সাঘাটা ইউনিয়নের ইটাকুড়ি গ্রামের মৃত আবদুল লতিফ জোয়াদারের ছেলে। তিনি ইটাকুড়ি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এছাড়া তিনি সাঘাটা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য।
স্থানীয়রা জানান, আনিছুর রহমান বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হাট ভরতখালি বাজার থেকে বাড়ি ফেরার জন্য মোটরসাইকেলে উঠেন। এ সময় মোটরসাইকেল বসার পর বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি কর হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন সুইট জানান, বাদ জুম্মা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

Comments (0)
Add Comment