গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাদের দেড় বছরের ছেলে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করেছে।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে গাইবান্ধার নলডাঙ্গা-বামনডাঙ্গা সড়কের সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের আজেপাড়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মতিয়ার রহমান (৫২) ও তার স্ত্রী আছমা বেগম (৩৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাইবান্ধা থেকে একটি ট্রাক বামনডাঙ্গার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে করে মতিয়ার তার স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। আজেপাড়া মাদ্রাসার সামনে পৌঁছালে মোটরসাইকেল ও ট্রাকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার নাম জানা যায়নি। নিহতদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুরে।

Comments (0)
Add Comment