গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে মোকলেছ মিয়া (৩৭) নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বকচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মোকলেছ সিলেট শহরের বাসিন্দা। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৫ ব্যাটালিয়ন কুড়িগ্রামে কর্মরত ছিলেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোকলেছ মিয়া তার বাড়ি সিলেট থেকে সাগরিকা পরিবহনের একটি বাসে করে কর্মস্থলে কুড়িগ্রামে ফিরছিলেন। পথে উপজেলার বকচর এলাকায় বিপরীতমুখী একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান মোকলেছ। আহত হন চার বাসযাত্রী। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, তাৎক্ষণিক ভাবে নিহত বিজিবি সদস্যের পদবী জানা যায়নি। তার মরদেহ প্রাথমিক ভাবে কর্মস্থল কুড়িগ্রামে নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে।